নিজস্ব প্রতিবেদক:
মাদক সমস্যা নির্মূলে শিক্ষাকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, মাদক সমস্যা নির্মূলে শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষাকে প্রাধান্য দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কাজে লাগিয়ে সমাজ থেকে মাদক সমস্যা দূর করার উদ্যোগ নিতে হবে।
রোববার (২০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘শিক্ষা ব্যবস্থা: কুমিল্লা কনসেপ্ট’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সমাজ থেকে মাদক সমস্যা দূর করতে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, প্রতিটি এলাকার শিক্ষানুরাগী, গণ্যমান্য ব্যক্তি ও সমাজসেবকদেরও একযোগে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে মাদকবিরোধী সামাজিক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের অভিভাবকতুল্য। তাই প্রতিটি শিক্ষককে শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো মনে করতে হবে। তাদের নিজেদের সন্তানের মতো করে শিক্ষা দেওয়ার পাশাপাশি নৈতিক মূল্যবোধের সঙ্গে গড়ে তুলতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। বিভিন্ন এলাকার সংসদ সদস্যরাও স্বপ্রণোদিত হয়ে শিক্ষার উন্নয়নে কাজ করছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ‘কুমিল্লা কনসেপ্ট’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরীসহ কুমিল্লা অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।