জেলা প্রতিনিধি:
বগুড়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুজন এবং স্বজনের মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সে থাকা এক নারী নিহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে বগুড়া শহরের ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এবং সকাল ১০টার দিকে শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন—কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের রামপুর গ্রামের মজনু মেম্বারের ছেলে সাপিকুল (৪০), একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে আরাফাত (৪০) এবং কাহালুর বানদিঘী এলাকার খাদিজা (৫১)।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে পাইকড় ইউনিয়নের বাসিন্দা আশরাফুল স্ট্রোক করলে তাকে হাসপাতালে নেওয়ার জন্য তার ভাই নজরুল, ভাতিজা আরাফাত, প্রতিবেশী রফিকুল ও সাপিকুল একটি সিএনজিচালিত অটোরিকশায় করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশে রওনা হন।
ভোর সোয়া ৪টার দিকে তারা হাসপাতালের গেটে প্রবেশের সময় একটি নাইট কোচ বাস সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাপিকুল ও আরাফাত নিহত হন। এ ঘটনায় আশরাফুল, রফিকুল ও নজরুল আহত হন।
আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানান, তাদের মধ্যে আশরাফুলের অবস্থা গুরুতর এবং তাকে আইসিইউতে রাখা হয়েছে।
পাইকড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাছেদ বলেন, নিহত ও আহতরা তার স্বজন ও প্রতিবেশী। আহত তিনজনই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে আশরাফুলের অবস্থা ভালো নয়।
অন্যদিকে, সোমবার সকাল ১০টার দিকে শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকায় পৃথক দুর্ঘটনায় খাদিজা (৫১) নিহত হন।
শাজাহানপুর থানা পুলিশ জানায়, খাদিজা এক স্বজনের মরদেহ অ্যাম্বুলেন্সে করে কাহালুর দিকে নিয়ে যাচ্ছিলেন। পথে রানীরহাট এলাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই খাদিজা নিহত হন।
পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ায় নিহত দুজনের নাম-ঠিকানা নিশ্চিত করতে কিছুটা সময় লেগেছে। পরে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে রানীরহাটে পৃথক দুর্ঘটনায় নিহত নারী খাদিজার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পৃথক এসব দুর্ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।