মোঃ হাসানূল কবীর:
বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও গতিশীল ও সহজ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন যশোরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেনাপোল কাস্টমস হাউসে আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল করা এবং বন্দরের সার্বিক বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের অন্যতম প্রধান আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র। এ বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজ ও দ্রুত করা গেলে জাতীয় অর্থনীতি আরও সুদৃঢ় হবে।
তিনি ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ বজায় রাখার পাশাপাশি রাজস্ব আদায় বাড়াতে কাস্টমস কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
মতবিনিময় সভায় কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন বাণিজ্যিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও তাদের দাবির কথা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।