যুক্তরাষ্ট্রে মানুষ বনাম রোবটের লড়াই, শেষ পর্যন্ত জয় কার

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকোতে রিংয়ের ভেতর মানুষ ও ছয় ফুট লম্বা এক হিউম্যানয়েড রোবটের মধ্যে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী লড়াই। ভার্চুয়াল রিয়ালিটিভিত্তিক একটি কমব্যাট গেম তৈরির প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের রোবটিকস প্রতিষ্ঠান ‘আরইকে’ এ ম্যাচের আয়োজন করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, একটি ফাইটিং কেজের ভেতর দূর থেকে রিমোটের মাধ্যমে নিয়ন্ত্রিত রোবটটির মুখোমুখি হন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফ্র্যাঙ্কি লাপেনা। ম্যাচ শুরুর আগে রোবটটিকে পেশাদার খেলোয়াড়দের মতো রিংয়ের চারপাশে ঘুরে শরীর গরম করতেও দেখা যায়।

লড়াই শুরু হলে লাপেনা রোবটটিকে লক্ষ্য করে কয়েকটি ঘুষি মারেন। জবাবে রোবটটিও পাল্টা ঘুষি ও শক্তিশালী লাথি মারে। একপর্যায়ে রোবটের লাথিতে লাপেনা খাঁচার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছিটকে পড়েন। এতে রোবটটির শক্তিশালী আঘাত হানার সক্ষমতা স্পষ্ট হয়ে ওঠে।

প্রতিষ্ঠানটি তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানায়, মানুষ ও ‘টার্মিনেটর’ রোবটের এই লড়াইয়ের মাধ্যমে তারা ইতিহাস সৃষ্টি করেছে। ‘আরইকে’ জানিয়েছে, ম্যাচটির আরও বিস্তারিত ফুটেজ পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

ভিডিওটি প্রকাশের পর থেকেই ইন্টারনেটে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই ধারণা করছেন, ভবিষ্যতে পেশাদার লড়াইয়ের অংশ হয়ে উঠতে পারে মানুষ-নিয়ন্ত্রিত রোবটের এমন প্রতিযোগিতা।

একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কারণে মানুষ ও রোবটের লড়াই ইউএফসির অংশ হয়ে উঠতে পারে।

উল্লেখ্য, রোবটের আক্রমণাত্মক আচরণের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে একটি ইলেকট্রনিক্স দোকানে ক্রেতার ধাক্কা খেয়ে একটি হিউম্যানয়েড রোবট তেড়ে গিয়ে লাথি মারার চেষ্টা করেছিল। পরে দোকানকর্মীরা সেটি নিয়ন্ত্রণে আনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *