নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মো. মনিরের দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ছাত্রদলের নেতাকর্মীরা মনিরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আদালতে রাষ্ট্রপক্ষ মনিরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পক্ষে যুক্তি তুলে ধরে। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিলের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মনিরকে আটক করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এরপর সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক ইবনে খালিদ হোসেন মনিরকে আদালতে হাজির করে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনে তাকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করা হয়।
রিমান্ড আবেদনে বলা হয়, মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত অন্য আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সহযোগী সংগঠনের সমর্থনে একত্রিত হয়ে সরকারবিরোধী মিছিল, জননিরাপত্তা বিঘ্নিত করা এবং দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্তে লিপ্ত ছিল। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠনের সমর্থনে প্রচার-প্রচারণা চালানো এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগও করা হয়।
মামলার মূল রহস্য উদ্ঘাটন, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের নাম-ঠিকানা শনাক্ত এবং অর্থদাতা ও নির্দেশদাতাদের খুঁজে বের করতে মনিরকে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৭ জুলাই ডিএমপির কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করা হয়। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে মনিরকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হলো।