চিকিৎসা শেষে বাসায় ফিরছেন কাদের সিদ্দিকী, থাকবেন নিবিড় পর্যবেক্ষণে

স্টাফ রিপোর্টার:

হৃদরোগজনিত সমস্যায় রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম চিকিৎসা শেষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসভবনে থেকে তিনি নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।

এর আগে হৃদরোগজনিত সমস্যার কারণে গত ১৮ সেপ্টেম্বর কাদের সিদ্দিকীকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৯ সেপ্টেম্বর তার এনজিওগ্রাম সম্পন্ন হয় এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হার্টে স্টেন্ট বসানো হয়।

হাসপাতাল থেকে বাসায় ফেরার সময় কাদের সিদ্দিকীর সঙ্গে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মাহবুবুর রহমান পারভেজ, যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য আলামিনসহ পরিবারের সদস্য ও স্বজনরা।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার কাদের সিদ্দিকীর দ্রুত আরোগ্য কামনায় দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে দলের পক্ষ থেকেও কাদের সিদ্দিকীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *