আব্দুল আজিজ:
সিএনজি অটোরিকশার বেপরোয়া গতি ও বিপজ্জনক ওভারটেকিংয়ের কারণে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছেন দৈনিক ইনকিলাবের বান্দরবান প্রতিনিধি ও জ্যেষ্ঠ সাংবাদিক প্রফেসর শাহাদাত উল্লাহ।
ঘটনা সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১১টা ৩০ মিনিটে তিনি মোটরসাইকেলযোগে কেরানীহাট থেকে সাতকানিয়া উপজেলার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ‘রাস্তামাথা ফায়ার সার্ভিস স্টেশন’ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী সিএনজি অটোরিকশা বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে তাঁর মোটরসাইকেলকে মুখোমুখি সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথা ও শরীরে গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে কেরানীহাটের ‘আশ শেফা হাসপাতাল প্রাইভেট লিমিটেড’-এ নিয়ে যান। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এই মর্মান্তিক দুর্ঘটনায় সাংবাদিক শাহাদাত উল্লাহর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের তীব্রতায় তাঁর কপাল, নাক ও হাঁটুতে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে। এছাড়া তাঁর মুখের তিনটি দাঁত ভেঙে গেছে।
উল্লেখ্য, প্রবীণ এই সাংবাদিক লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বান্দরবান প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে তাঁর বাসভবনে শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান সিনিয়র সাংবাদিক আরিফুর রহমান আফজালি ও দৈনিক স্বাধীন সংবাদের প্রতিনিধি আব্দুল আজিজ।
এ সময় সাতকানিয়া উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আহত সাংবাদিক শাহাদাত উল্লাহ বলেন, “ট্রাফিক আইন অমান্য করে বেপরোয়া গতিতে গাড়ি চালানো চালকদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ না নিলে ভবিষ্যতেও বহু মূল্যবান প্রাণ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এভাবে দুর্ঘটনার শিকার হবেন।”
তিনি তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য পেশাগত সহকর্মী, সাংবাদিক সমাজ ও সকল শুভাকাঙ্ক্ষীর কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করেছেন।