সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা শাখার সাবেক সহসভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ড. খায়রুল কবীর রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদকও।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর থানায় নাশকতার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় খায়রুল কবীর রুমেন এজাহারভুক্ত আসামি। ওই মামলায় মোট ৬৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ জানান, মামলায় হাজিরার বিষয়ে বার নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতে মঙ্গলবার বিকেলে সমিতির কার্যালয়ে আসেন রুমেন। এ সময় সমিতি ভবনের আশপাশে সাদা পোশাকে পুলিশ সদস্যদের অবস্থান দেখতে পান তারা।
আব্দুল হামিদ বলেন, বিষয়টি বুঝতে পেরে বারের সদস্য হিসেবে তারা নিজেরাই রুমেনকে থানায় নিয়ে সোপর্দ করেন। পরে তিনি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর তাকে থানায় নিয়ে যান।
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় করা মামলায় খায়রুল কবীর রুমেন এজাহারভুক্ত আসামি ছিলেন। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার একজন উপপরিদর্শকও (এসআই) রুমেনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।