কাশিয়ানী প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শিবগাতী এলাকায় ঢাকা থেকে খুলনাগামী দোলা পরিবহণের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।
আহতদের মধ্যে তিনজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।