নিজস্ব প্রতিবেদক:
জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৬ সামনে রেখে শিক্ষার্থীদের প্রস্তুতিতে সহায়ক হতে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশের অর্থনীতি, জনসংখ্যা, জনসম্পদ, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে।
অধ্যায়–৪
প্রশ্ন: রেমিট্যান্স বলতে কী বোঝায়?
উত্তর: প্রবাসে কর্মরত নাগরিকেরা তাঁদের উপার্জিত অর্থের যে অংশ দেশে পাঠান, তাকে রেমিট্যান্স বলে। বিদেশে কর্মরত শ্রমিক, কর্মচারী ও পেশাজীবীরা সাধারণত ব্যাংকের মাধ্যমে পরিবারের কাছে অর্থ পাঠান। প্রবাসীদের পাঠানো এই অর্থই রেমিট্যান্স।
প্রশ্ন: বাংলাদেশের জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান ব্যাখ্যা করো।
উত্তর: বাংলাদেশের জাতীয় উৎপাদনে শিল্প খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং সময়ের সঙ্গে এ খাতের গুরুত্ব বাড়ছে। ২০১২-১৩ অর্থবছরে জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান ছিল ১৯ দশমিক ৫৪ শতাংশ। বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, খনিজ সম্পদ ও নির্মাণশিল্পসহ বিভিন্ন খাত শিল্পের আওতাভুক্ত হওয়ায় জাতীয় উৎপাদনে এ খাতের অবদান গুরুত্বপূর্ণ।
প্রশ্ন: উৎপাদন ও আয় বৃদ্ধির লক্ষ্য ব্যাখ্যা করো।
উত্তর: দেশের কৃষি, শিল্প ও সেবা খাতে উৎপাদন ও আয় বৃদ্ধির প্রধান লক্ষ্য হলো জনগণের জীবনযাত্রার মান উন্নত করা। উৎপাদন বাড়লে দারিদ্র্য কমবে, মানুষের ক্রয়ক্ষমতা বাড়বে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে বেকারত্ব কমবে। জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হতে পারে।
প্রশ্ন: জনসংখ্যা কীভাবে জনসম্পদে পরিণত করা যায়?
উত্তর: শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করা যায়। মানুষ যখন শিক্ষা, দক্ষতা ও প্রশিক্ষণের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে, তখন সে দেশের সম্পদে পরিণত হয়। তাই অদক্ষ জনগোষ্ঠীকে যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে জনসম্পদে রূপান্তর করা সম্ভব।
অধ্যায়–৫
প্রশ্ন: ‘জনগণ সব ক্ষমতার উৎস’—ব্যাখ্যা করো।
উত্তর: গণতান্ত্রিক সরকারব্যবস্থায় জনগণকে সব ক্ষমতার উৎস হিসেবে বিবেচনা করা হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে। জনগণ ভোটের মাধ্যমে তাঁদের পছন্দের রাজনৈতিক দল ও প্রতিনিধিকে নির্বাচিত করে সরকার গঠন এবং দেশ পরিচালনায় অংশ নেয়।
প্রশ্ন: ‘জনগণ সব ক্ষমতার উৎস’—ব্যাখ্যা করো।
উত্তর: গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণকে সার্বভৌম ক্ষমতার মালিক মনে করা হয়। কারণ জনগণের ভোটে সরকার গঠিত হয়। ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণ তাঁদের পছন্দের সরকার নির্বাচিত করতে পারেন এবং নির্বাচনের মাধ্যমে সরকারের পরিবর্তনও ঘটাতে পারেন। এ কারণেই গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণকে সব ক্ষমতার উৎস বলা হয়।
প্রশ্ন: ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝায়?
উত্তর: ধর্মনিরপেক্ষতা হলো সংবিধানের এমন একটি মূলনীতি, যেখানে ধর্ম-বর্ণনির্বিশেষে প্রত্যেক নাগরিক নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে। ধর্মনিরপেক্ষতার মূলকথা হলো—প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালন করবে এবং অন্যের ধর্ম পালনে বাধা সৃষ্টি করবে না।