ইবি প্রতিনিধি:
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৯ শিক্ষার্থী। ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশের পর বুধবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানা যায়। এবারের পরীক্ষায় সারাদেশ থেকে মোট ২০০ জনকে সহকারী জজ পদে সুপারিশ করা হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সুপারিশপ্রাপ্তদের মধ্যে আইন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের আরিফুল ইসলাম, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের আসিফ ইসলাম ও শফিক শোভন এবং ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাদিয়া আফরিন রয়েছেন।
এ ছাড়া আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের হুমায়ন কবির ও সালমা খাতুন, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শারমিন খাতুন, শাকির আলম, মেহবুবা মোহিনী, মো. রফিকুজ্জামান, আনোয়ার হোসেন ও ইয়াসমিন খাতুন সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের লিখন এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের আমজাদ হোসেনও রয়েছেন সুপারিশপ্রাপ্তদের তালিকায়।
ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তৌহিদুল ইসলাম ও এ এইচ হাবিব, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নুসরাত জাহান তানী এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের রুকনুজ্জামান রায়হানও সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।
অন্যদিকে আল ফিকহ অ্যান্ড ল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রাজু আহমেদও সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তিনি মেধা তালিকায় ২৬তম স্থান অর্জন করেছেন।
নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে রাজু আহমেদ বলেন, ‘অনার্সের রেজাল্ট প্রকাশের আগেই আমি আবেদন করেছিলাম। মাস্টার্স এখনো চলমান। আমি এত বেশি আশা করিনি। মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা যে তিনি আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন।’
তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই আমার ইচ্ছা ছিল একদিন বিচারক হয়ে দেশ ও দেশের মানুষের জন্য ন্যায়বিচারে কাজ করব। পরিবারও আমাকে এ বিষয়ে উৎসাহিত করেছে। আমি সবার কাছে দোয়া চাই।’