বাঁশখালী প্রতিনিধি:
দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহ করা নেতাকর্মীদের বিএনপিতে আর কখনো জায়গা হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় দেশের যেকোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত কোনো মানুষ যেন গৃহহীন না থাকেন, তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘুরে দাঁড়ানো এবং টেকসই বাসস্থান নির্মাণে সরকারের দেওয়া আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দলের ভেতরে শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্তরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলা পরিষদের সচিব খন্দকার আরাফাত হোসেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাংলাদেশ এনজিও বিষয়ক ব্যুরোর প্রধান ড. মোহাম্মদ জকরিয়া, পটিয়ার এমপি এনামুল হক, ইদ্রিস মিয়া, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম পুলিশ সুপার মাসুদ আলম, বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ, আমিনুর রহমান চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন এবং বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা জজ ও দায়রা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাসির উদ্দিনসহ বিএনপি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।