সহিংসতায় রূপ নেওয়ার আগেই বিরোধ মীমাংসার আহ্বান শামা ওবায়েদের

নিজস্ব প্রতিবেদক:

অভিযোগ বা বিরোধ সহিংসতায় রূপ নেওয়ার আগেই তা সমাধানে মধ্যস্থতা কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের ‘গ্রুপ অব ফ্রেন্ডস অব মেডিয়েশন’-এর ১৬তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিউইয়র্কের তুর্কি হাউসে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের দীর্ঘদিনের শান্তিরক্ষা অভিজ্ঞতা তুলে ধরে মধ্যস্থতা ও শান্তি বিনির্মাণের সক্ষমতা বাড়াতে আরও বিনিয়োগের ওপর গুরুত্ব দেন তিনি।

শামা ওবায়েদ বলেন, অভিযোগগুলো সহিংসতায় পরিণত হওয়ার আগেই মধ্যস্থতা করতে হবে। কারণ, এ পর্যায়েই মানবিক ও আর্থিক ক্ষয়ক্ষতির মাত্রা সবচেয়ে কম থাকে।

মধ্যস্থতা ও শান্তি প্রতিষ্ঠায় সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি)-এর ‘ইন্টিগ্রেটেড পিসবিল্ডিং কম্পিটেন্সি প্রোগ্রাম’-এর কথা তুলে ধরেন তিনি। এ ধরনের উদ্যোগ শান্তি প্রতিষ্ঠার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

তিনি রাষ্ট্রগুলোর আঞ্চলিক অংশীজন, স্থানীয় মধ্যস্থতাকারী এবং জাতিসংঘের মধ্যে আরও শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে জাতীয় মালিকানার নীতির প্রতি সম্মান জানানোর ওপর গুরুত্বারোপ করেন।

জাতিসংঘের প্রতিরোধমূলক কার্যক্রমের সক্ষমতা আরও জোরদারের আহ্বান জানিয়ে শামা ওবায়েদ পূর্বানুমানযোগ্য অর্থায়ন, দ্রুত মোতায়েনযোগ্য মধ্যস্থতা সহায়তা এবং আগাম সতর্কতার ভিত্তিতে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

মধ্যস্থতা কার্যক্রমে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহারের ওপরও গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও গোপনীয়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা রাখার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের সাইডলাইনে ফিনল্যান্ড ও তুরস্কের যৌথ আয়োজনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশের মন্ত্রী ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *