আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের বেলুচিস্তানে আফগানিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার রাতে বেলুচিস্তানের কিল্লা আবদুল্লাহ জেলার গুলিস্তান সেক্টরে এ ঘটনা ঘটে।
পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আফগান তালেবান সদস্যরা পাকিস্তানের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী পাল্টা ব্যবস্থা নেয়। এতে কয়েকজন আফগান তালেবান সদস্য নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, গুলিস্তান সেক্টরে সংঘর্ষের পরও দুই পক্ষের মধ্যে থেমে থেমে গুলিবিনিময় চলছিল। সীমান্ত এলাকায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় আফগানিস্তান বা পাকিস্তান—কোনো পক্ষ থেকেই বিস্তারিত সরকারি বিবৃতি পাওয়া যায়নি। তবে পাকিস্তানি নিরাপত্তা সূত্রগুলো আফগান তালেবান সদস্যদের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করার দাবি করেছে।
ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা আবারও বেড়েছে। এর আগে পাকিস্তান আফগানিস্তানের কয়েকটি স্থানে বিমান হামলা চালানোর কথা জানিয়েছে। ইসলামাবাদ এসব হামলাকে সীমান্তপারের সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান হিসেবে বর্ণনা করেছে। আফগান তালেবান সরকার পাকিস্তানের এসব পদক্ষেপের বিরোধিতা করেছে।
দুই দেশের মধ্যে উত্তেজনার অন্যতম কারণ পাকিস্তানের নিষিদ্ধ তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)। পাকিস্তান অভিযোগ করে আসছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে টিটিপি পাকিস্তানে হামলা চালাচ্ছে। আফগান তালেবান সরকার এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।