পর্তুগালে ‘বোরকা আইন’ কার্যকর, জনসমক্ষে মুখ ঢাকলে জরিমানা ৩ হাজার ইউরো

আন্তর্জাতিক ডেস্ক:

পর্তুগালে জনসমক্ষে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা দিয়ে করা নতুন আইন কার্যকর হয়েছে। ২৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এ আইনে জনসমক্ষে মুখ আড়ালকারী পোশাক ব্যবহারের জন্য সর্বোচ্চ ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে ‘বোরকা আইন’ নামে পরিচিত হলেও আইনে কোনো নির্দিষ্ট ধর্ম বা ধর্মীয় পোশাকের নাম উল্লেখ করা হয়নি। আইনটিতে জনসমক্ষে মুখ আড়াল বা প্রদর্শনে বাধা দেয়—এমন পোশাক ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

নতুন আইন অনুযায়ী, রাস্তা, জনসাধারণের জন্য উন্মুক্ত স্থান, সরকারি সেবার স্থান এবং নাগরিকদের জন্য সাধারণভাবে উন্মুক্ত বিভিন্ন স্থানে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। বিভিন্ন অনুষ্ঠান, ক্রীড়া কার্যক্রম ও বিক্ষোভেও এর প্রয়োগ রয়েছে।

তবে স্বাস্থ্যগত কারণ, পেশাগত প্রয়োজন, শিল্পকলা, বিনোদন বা বিজ্ঞাপনের কাজে মুখ ঢাকার ক্ষেত্রে ছাড় রাখা হয়েছে। নিরাপত্তাজনিত কারণ ও আবহাওয়ার পরিস্থিতিতেও ব্যতিক্রম প্রযোজ্য। এছাড়া বিমান, কূটনৈতিক ও কনস্যুলার স্থাপনা এবং ধর্মীয় উপাসনালয় ও অন্যান্য পবিত্র স্থানে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।

আইন ভঙ্গের ক্ষেত্রে অসাবধানতাজনিত অপরাধে ১৫০ থেকে ৭৫০ ইউরো এবং ইচ্ছাকৃতভাবে আইন ভাঙলে ৪০০ থেকে ৩ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে। আইনটির বাস্তবায়ন ও ঘটনা নথিভুক্ত করবে নিরাপত্তা বাহিনী; জরিমানার প্রক্রিয়া ও সিদ্ধান্ত সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের দায়িত্বে থাকবে।

এ ছাড়া কাউকে হুমকি, সহিংসতা, জবরদস্তি বা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মুখ ঢাকতে বাধ্য করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা জরিমানার বিধান রাখা হয়েছে। ভুক্তভোগী অপ্রাপ্তবয়স্ক হলে শাস্তি এক-তৃতীয়াংশ পর্যন্ত বাড়তে পারে।

আইনটি পর্তুগালের পার্লামেন্টে ১৭ জুলাই অনুমোদিত হয় এবং ১৮ আগস্ট প্রেসিডেন্ট আন্তোনিও জোসে সেগুরো এতে অনুমোদন দেন। ২৪ আগস্ট সরকারি গেজেটে প্রকাশের পর ২৩ সেপ্টেম্বর থেকে আইনটি কার্যকর হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *