প্রাথমিক শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে হয়রানির অভিযোগ নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের নামে অন্তত এক হাজার মেধাবী তরুণকে নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, লিখিত ও নিয়োগের অন্যান্য ধাপে মেধার প্রমাণ দেওয়ার পরও এসব প্রার্থীকে দীর্ঘ আট মাস ধরে ভেরিফিকেশনের নামে অনিশ্চয়তা ও হয়রানির মধ্যে রাখা হয়েছে। শেষ পর্যন্ত তাদের নিয়োগপত্র না দিয়ে গভীর হতাশার মধ্যে ঠেলে দেওয়া হয়েছে।

তিনি দাবি করেন, বাদ পড়া প্রার্থীদের অধিকাংশের বিরুদ্ধে থানায় কোনো ফৌজদারি মামলা বা সাধারণ ডায়েরির (জিডি) তথ্য নেই। অতীতে অপরাধমূলক কর্মকাণ্ড কিংবা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার তথ্যও তাদের বিরুদ্ধে পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, মেধা, যোগ্যতা ও নিয়োগ পরীক্ষার সব ধাপ সফলভাবে সম্পন্ন করার পরও অস্বচ্ছ ভেরিফিকেশনের ভিত্তিতে কোনো নাগরিককে চাকরি থেকে বঞ্চিত করা হলে তা সংশ্লিষ্ট তরুণদের প্রতি অবিচার এবং রাষ্ট্রের নিয়োগব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে।

তিনি আরও বলেন, যেসব প্রার্থীর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট ও আইনসম্মত অভিযোগ নেই, তাদের নিয়োগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রার্থীদের বাদ দেওয়ার প্রক্রিয়া এবং ভেরিফিকেশনের মানদণ্ড জনসমক্ষে স্পষ্ট করার দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *