মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা, সময়ের বেশি থাকলে হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক:

ভিসায় অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানায় দূতাবাস।

বার্তায় বলা হয়, মার্কিন ভিসা থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা পাওয়া যায় না। দেশটিতে প্রবেশের সময় একজন ভ্রমণকারী কতদিন অবস্থান করতে পারবেন এবং তার জন্য কী কী শর্ত প্রযোজ্য হবে, তা নির্ধারণ করেন প্রবেশস্থলে দায়িত্ব পালনকারী ইমিগ্রেশন কর্মকর্তা।

দূতাবাস জানায়, কেউ যদি ভিসায় অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন অথবা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হন, তাহলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে তার ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

এ কারণে ভিসার শর্ত এবং অনুমোদিত অবস্থানের সময়সীমা যথাযথভাবে মেনে চলার দায়িত্ব ভিসাধারীর নিজের বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *