গভম্যাপে গাজার ধ্বংসযজ্ঞের পরিষ্কার ছবি, পরে ফের ঝাপসা করল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েল সরকারের সরকারি পাবলিক ম্যাপিং পরিষেবা ‘গভম্যাপে’ অল্প সময়ের জন্য গাজার উত্তরাঞ্চলের উচ্চ রেজল্যুশনের স্যাটেলাইট ছবি দেখা যাওয়ার পর সেগুলো আবার ঝাপসা করে দেওয়া হয়েছে। ওই ছবিতে বিভিন্ন সামরিক স্থাপনার পাশাপাশি যুদ্ধের কারণে গাজার ব্যাপক ধ্বংসের চিত্রও দেখা যায়।

সোমবার ‘@Stinky915846091’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টের মাধ্যমে বিষয়টি প্রথম নজরে আসে। অ্যাকাউন্টটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওএসআইএনটি) নিয়ে কাজ করে এবং গাজা উপত্যকার বিভিন্ন ঘটনার ভৌগোলিক অবস্থান শনাক্ত করার জন্য পরিচিত।

প্রতিবেদন অনুযায়ী, ছবিগুলো প্রকাশ্যে আসার পর ইসরায়েলি সরকার তাদের সরকারি ম্যাপিং সেবায় গাজার বিভিন্ন এলাকার স্যাটেলাইট চিত্র আবার ঝাপসা করে দেয়।

গভম্যাপে দীর্ঘদিন ধরে গাজা উপত্যকার পাশাপাশি ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরের সামরিক ঘাঁটি এবং অন্যান্য সংবেদনশীল স্থাপনার স্যাটেলাইট ছবি ঝাপসা করে দেখানো হয়েছে। এ কারণে গাজার তুলনামূলকভাবে পরিষ্কার ও উচ্চ রেজল্যুশনের ছবি অল্প সময়ের জন্য দৃশ্যমান হওয়ার ঘটনাটি ব্যতিক্রমী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঝাপসা না থাকা ওই ছবিগুলোর মধ্যে উত্তর গাজার বেইত লাহিয়া ও বেইত হানুনসহ কয়েকটি এলাকার চিত্র ছিল। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এসব এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ছবিগুলো ২০২৫ সালের হওয়ায় এগুলো ইসরায়েলি সেনাদের ঘাঁটিগুলোর বর্তমান অবস্থা দেখায় না। তবে এতে উত্তর গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যায়। পাশাপাশি ইসরায়েলি সেনাদের বাফার জোনের ভেতরে অন্তত ১১টি সামরিক ঘাঁটির চিত্রও দেখা গেছে।

এক্স ব্যবহারকারী ‘@Nrg8000’ ছবিগুলো সোয়ার অ্যাটলাসেও প্রকাশ করেছেন। মিডল ইস্ট আই ছবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। তবে প্রতিবেদনে বলা হয়েছে, ছবিগুলো গাজায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি ও ব্যাপক ধ্বংসের বিষয়ে প্রকাশিত আগের বিভিন্ন প্রতিবেদনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

গাজার উত্তরাঞ্চলের বেইত হানুন শহরটি ইসরায়েলি সামরিক অভিযানে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট ছবিতে শহরের বহু ভবন ধ্বংস এবং বিভিন্ন এলাকা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার চিত্র দেখা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর অভিযানের কারণে শহরের বেশির ভাগ মানুষ এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। পরে এলাকাটিকে সামরিক নিয়ন্ত্রণে নেওয়া হয়।

গাজা শহরের শুজাইয়া এলাকাতেও ব্যাপক ধ্বংসের চিত্র দেখা গেছে। স্যাটেলাইট ছবিতে বহু ভবন ও সড়ক ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে যাওয়ার দৃশ্য রয়েছে। পুরো এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের চিহ্ন দেখা যায়।

গাজা শহরের জেইতুন এলাকার দক্ষিণ-পূর্বে অবস্থিত কারনি ক্রসিংয়ের ছবিতে ইসরায়েলি সেনাদের বড় ধরনের উপস্থিতি দেখা যায়। প্রতিবেদনে বলা হয়েছে, গাজার আরও ভেতরে সামরিক অভিযান পরিচালনার জন্য ইসরায়েলি বাহিনী এলাকাটিকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করেছে।

পূর্ব জাবালিয়ায় ইসরায়েলি সেনাদের একটি সামরিক ঘাঁটির চিত্রও দেখা গেছে। ছবিতে ঘাঁটির চারপাশে মাটির তৈরি উঁচু প্রতিরক্ষা বাঁধ এবং বেশ কিছু সামরিক যান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *