চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকেও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও গ্রাফিতি আঁকার কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। এ সময় নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের বক্তব্যের প্রতিবাদে তাঁকে ‘লাল কার্ড’ দেখান শিক্ষার্থীরা।
সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি আবার শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা ‘রেড কার্ড টু অনলাইন ভিসি’ এবং ‘অনলাইন ভিসি, মানব না, মানব না’সহ বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে চলমান আন্দোলন ও শিক্ষার্থীদের অবস্থান নিয়ে নতুন উপাচার্য গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর প্রতিবাদ জানাতেই তাঁরা প্রতীকী লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছেন।
গত শুক্রবার গণমাধ্যমে দেওয়া বক্তব্যে অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, বিক্ষোভে মাত্র ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী রয়েছেন। বেশির ভাগ শিক্ষার্থী ইতিমধ্যে ক্যাম্পাসের তালা খুলে দিয়েছেন এবং তাঁকে সাদরে ক্যাম্পাসে আমন্ত্রণ জানাচ্ছেন।
নতুন উপাচার্যের এ বক্তব্য প্রকাশের পর শনিবার সকালে প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পাশাপাশি সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে গ্রাফিতি আঁকার কর্মসূচিও চলে।
মিছিলে অংশ নেওয়া যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহিদুর রহমান ওসমানী বলেন, নতুন উপাচার্য অনলাইনে যোগদান করেছেন। এ ছাড়া গণমাধ্যমে তাঁর দেওয়া বক্তব্য অসামঞ্জস্যপূর্ণ। এ কারণে তাঁরা লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।
পুনর্বহালের দাবিতে আন্দোলন
গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অব্যাহতি দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস, কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।
এ সিদ্ধান্তের প্রতিবাদে ২১ সেপ্টেম্বর রাত থেকেই বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরদিন থেকে তাঁরা শাটডাউন ও গণ-অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতি ও কর্মকর্তা সমিতিও কর্মবিরতির ঘোষণা দিয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল করাই তাঁদের একমাত্র দাবি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তাঁরা।