অপরাধ করলে নিজের ভাইও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ

জেলা প্রতিনিধি:

ভালো কাজের ক্ষেত্রে সবসময় পাশে থাকার আশ্বাস দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, খারাপ কাজ বা অপরাধ করলে নিজের ভাই কিংবা নিজ বিদ্যালয়ের শিক্ষার্থী হলেও কাউকে ছাড় দেওয়া হবে না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) কুমিল্লার দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ভালো কাজের সঙ্গে তোমরা সবসময় আমাকে পাশে পাবে। কিন্তু খারাপ কাজ বা অপরাধ করলে তুমি আমার ভাই কিংবা নিজের বিদ্যালয়ের শিক্ষার্থী হলেও ছাড় পাবে না। বরং অপরাধের বিচারে অন্য উপজেলার ছেলেদের চেয়ে আমার উপজেলার ছেলেদের চার-পাঁচ গুণ বেশি শাস্তি পেতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কেউ বিদেশে যেতে চায় কিংবা অন্য কোনো ক্যারিয়ার গড়তে চায়, সেটা আলাদা বিষয়। তবে পড়াশোনার মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চাইলে কলেজের ফলাফলই হবে মূল ভিত্তি। এ সময়টা ভালোভাবে কাজে লাগাতে পারলে উচ্চশিক্ষার পথও উন্মুক্ত হবে।

তিনি আরও বলেন, কিশোর গ্যাং কালচার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেবিদ্বারে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে স্বনামধন্য বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছে। কুমিল্লার পুলিশ সুপার ফোন করে দেবিদ্বারের কোনো ছেলের গ্রেপ্তারের খবর দিলে তিনি লজ্জিত হন। বিপরীতে এলাকার কোনো শিক্ষার্থীর ভালো কাজের খবর পেলে সেটিই তাদের প্রকৃত গর্বের বিষয় হতো বলে মন্তব্য করেন তিনি।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে তুমি কী হতে চাও। তুমি প্রজাপতি হবে, মৌমাছি হবে, নাকি ভ্রমর হবে—সেই পথ তোমাকেই নির্ধারণ করতে হবে।’

দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদার, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর এবং সাবেক শিফট ইনচার্জ জামাল মো. কবীর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *