আতাউস সামাদ ছিলেন স্বাধীনচেতা, নষ্ট রাজনীতি তাকে প্রভাবিত করতে পারেনি

অনলাইন ডেস্ক:

সাংবাদিক আতাউস সামাদের স্বাধীনচেতা মানসিকতার প্রশংসা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, দেশের ‘নষ্ট রাজনীতি’ কখনো তাকে প্রভাবিত করতে পারেনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে) আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

মো. আবদুস সালাম বলেন, আতাউস সামাদ কী করবেন, সে সিদ্ধান্ত তিনি নিজেই নিতেন। কাউকে দিয়ে তাকে কোনো কাজ করানো সম্ভব ছিল না। দেখতে নরম-সরম হলেও তিনি অত্যন্ত স্বাধীনচেতা ছিলেন। নিজের বিশ্বাস ও সিদ্ধান্ত থেকে তাকে সরানো যেত না।

ডিএসসিসি প্রশাসক সাংবাদিকদের রাজনীতিকে রাজনীতিবিদ ও মেধাবীদের হাতে ফিরিয়ে আনতে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজনীতি ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হয়নি। স্বাধীনতার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে বিচ্যুতি ঘটেছে। এ ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা থাকলেও চলার পথে সাংবাদিকদের একটি অংশও রাজনীতির প্রভাবের মধ্যে পড়েছেন বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশ আবার গণতান্ত্রিক পথে হাঁটা শুরু করেছে। এ পথে ভুল-ত্রুটি থাকতে পারে। তবে গণতন্ত্র ধরে রাখা এবং সরকারের পরিবর্তন নিয়মতান্ত্রিকভাবে নিশ্চিত করার চেষ্টা করতে হবে।

সাংবাদিকতার ক্ষতির দিক তুলে ধরে আবদুস সালাম বলেন, সমাজে এমন কিছু মানুষ থাকা প্রয়োজন, যারা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে নিজ নিজ ক্ষেত্র থেকে সমাজ ও মানুষের জন্য কাজ করবেন।

রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও আদর্শ অনুসরণের কথা উল্লেখ করে তিনি বলেন, অল্প সময়ের রাজনৈতিক জীবনে জিয়াউর রহমান একজন সংস্কারক ছিলেন এবং দেশের জন্য প্রয়োজনীয় কিছু সংস্কার করে গেছেন। তাঁর আদর্শ ও নীতি অনুসরণ করতে পারলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

বিএজের সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন ফয়সালের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাৎ, এনটিভির সাবেক বার্তা প্রধান খায়রুল আনোয়ার মুকুল, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও টাইম অব বাংলাদেশের উপদেষ্টা সম্পাদক ইলিয়াস খান, লেখক ও টকশো ব্যক্তিত্ব সাখাওয়াত হোসেন শায়ন্ত, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, ডেইউজের সাবেক নেতা বেলায়েত হোসেন, আমিরুল ইসলাম অমর ও বিটিভির সাংবাদিক মোরশেদ আলম প্রিন্সসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *