অনলাইন ডেস্ক:
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৭-এ ১৩তম স্থানে থাকা চীনের পিকিং ইউনিভার্সিটির ডংফাং স্কলারশিপে অ্যাম্বাসেডর নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।
উদীয়মান রাজনৈতিক নেতাদের নিয়ে আয়োজিত ডংফাং স্কলারশিপে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেন ডা. আউয়াল। এতে ৫৪টি দেশের ৫৪ জন প্রতিনিধি অংশ নেন। আয়োজকদের নিয়ম অনুযায়ী, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অ্যাম্বাসেডর নির্বাচন করা হয়।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে ডা. তৌহিদুর রহমান আউয়াল সর্বোচ্চ ১৯ ভোট পেয়ে অ্যাম্বাসেডর নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকুয়েডরের উপ-রাষ্ট্রপতির উপদেষ্টা লোরেনা পোন্সে পান ১৭ ভোট।
এ ছাড়া জিম্বাবুয়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এলবার্ট মাভুঙ্গা ৮ ভোট এবং মালদ্বীপের উপমন্ত্রী আহমেদ আরিম ৫ ভোট পেয়েছেন।
অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রিজভী আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ডা. আউয়াল বলেন, তাদের আস্থা রক্ষার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। অ্যাম্বাসেডর নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাকি দেশগুলোর প্রতিনিধিরা বাংলাদেশ ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে সহযোগিতার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।