ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মাসুদা বেগম (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।
মাসুদা বেগম ফরিদপুর শহরের আলিপুর এলাকার বাসিন্দা। জ্বর নিয়ে গত শনিবার তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।
ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে ২৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ১০৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সিভিল সার্জন জানান, চলতি বছর এখন পর্যন্ত ফরিদপুরে প্রায় ৭০০ জন ডেঙ্গু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমের পর জেলায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হচ্ছেন। এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সিভিল সার্জন মাহমুদুল হাসান বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন, পৌর প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। স্কুল-কলেজসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতেও ডেঙ্গু সচেতনতা নিয়ে প্রচার চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।