কোনাখালীতে নুরানী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন:

শিক্ষার আলোয় আলোকিত হোক প্রতিটি শিশু, মেধা ও মননে এগিয়ে যাক আগামীর প্রজন্ম—এমন প্রত্যাশা নিয়ে কক্সবাজারের মাতামুহুরী অঞ্চলের কোনাখালী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে নুরানী মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬।

কাজী ছাদেকুর রহমান হাশেমীর উদ্যোগে কোনাখালী ইউনিয়নের পুরুত্যাখালী আল-আমিন হাশেমীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ পরীক্ষার আয়োজন করা হয়।

পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কোমলমতি শিক্ষার্থীদের চোখে ছিল ভালো ফলাফলের প্রত্যাশা, আর মনে ছিল নিজেদের মেধা প্রমাণের স্বপ্ন। এমন আয়োজন শিশুদের শুধু পরীক্ষার অভিজ্ঞতাই দেয় না, বরং তাদের মধ্যে আত্মবিশ্বাস, অধ্যবসায় ও সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগায়।

আয়োজকদের মতে, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, পড়ালেখার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং ছোটবেলা থেকেই প্রতিযোগিতামূলক শিক্ষার পরিবেশ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পরীক্ষা আয়োজনে সহযোগিতা করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাজী এরশাদ হোসেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল উদ্দিন চৌধুরী (মনছুর), মহিলা সদস্য পদপ্রার্থী ও সাবেক ইউপি সদস্য শাহানাজ পারভীন, সদস্য পদপ্রার্থী সাহেদ ইকবাল সুমন, বেদারুল ইসলাম আদর, মাওলানা মাশুক আহমদ, মাওলানা আনোয়ার হোসেন এবং সাংবাদিক বেলাল উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

এ সময় অতিথিরা বলেন, একটি শিশুর মেধা ও মনন বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের সৃজনশীল উদ্যোগের গুরুত্ব অপরিসীম। মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা যাচাইয়ের সুযোগ পায় এবং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা লাভ করে।

তাঁরা এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকদের প্রত্যাশা, আজকের এই ছোট্ট আয়োজন থেকেই হয়তো আগামী দিনের কোনো চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলী কিংবা দেশ গড়ার স্বপ্নদ্রষ্টার পথচলা শুরু হবে। মেধার বিকাশে এমন উদ্যোগ কোনাখালীর শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার পথে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *