ভারতের স্থায়ী সদস্যপদের দাবিতে রাশিয়ার সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবারও সমর্থন জানিয়েছে রাশিয়া। নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দেশটির এই অবস্থান তুলে ধরেন।

ল্যাভরভ বলেন, নিরাপত্তা পরিষদে ‘গ্লোবাল সাউথ’ বা উন্নয়নশীল বিশ্বের প্রতিনিধিত্ব আরও বাড়ানো প্রয়োজন। এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার প্রতিনিধিত্ব নিশ্চিত করার অংশ হিসেবে ভারত ও ব্রাজিলকে স্থায়ী সদস্য করার দাবির প্রতি রাশিয়া সমর্থন করে বলেও জানান তিনি।

তবে নিরাপত্তা পরিষদে জার্মানি ও জাপানের মতো পশ্চিমা দেশগুলোর অতিরিক্ত প্রতিনিধিত্বের বিষয়ে সতর্ক অবস্থান তুলে ধরেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, এসব দেশ বর্তমানে সামরিকবাদ ও প্রতিশোধপরায়ণতার পথে এগোচ্ছে।

নিরাপত্তা পরিষদের সংস্কার প্রসঙ্গে ল্যাভরভ আরও বলেন, যেকোনো পরিবর্তনের ক্ষেত্রে বর্তমান স্থায়ী সদস্যদের মূল ক্ষমতা এবং ভেটো দেওয়ার অধিকার অক্ষুণ্ন রাখতে হবে।

ভারতের স্থায়ী সদস্যপদের দাবিতে রাশিয়ার পাশাপাশি মরিশাসও সমর্থন জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মরিশাসের পররাষ্ট্রমন্ত্রী ধনঞ্জয় রামফুল জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে বৈশ্বিক পরিসরে ভারতের ভূমিকার প্রশংসা করে দেশটির দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।

বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মোট ১৫টি সদস্যদেশ রয়েছে। এর মধ্যে চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র—এই পাঁচটি দেশ স্থায়ী সদস্য। বাকি ১০টি দেশ অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে।

নিরাপত্তা পরিষদের কাঠামোতে পরিবর্তন আনতে জাতিসংঘ সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থনের পাশাপাশি পাঁচ স্থায়ী সদস্যসহ দুই-তৃতীয়াংশ সদস্যরাষ্ট্রের অনুমোদন প্রয়োজন।

ভারতের স্থায়ী সদস্যপদের দাবিতে রাশিয়ার সমর্থন থাকলেও নিরাপত্তা পরিষদের সংস্কার নিয়ে এখনো মতপার্থক্য রয়েছে। বিশেষ করে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র চীনের বিরোধিতার কারণে নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ ও সংস্কার প্রশ্নে অচলাবস্থা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *