পশ্চিমতীরে ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরে মোলোটভ ককটেল নিক্ষেপ, অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের আল-মুগাইর গ্রামে রাতভর তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঘুমন্ত ফিলিস্তিনিদের একটি বাড়ির জানালা দিয়ে মোলোটভ ককটেল নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদন অনুযায়ী, মোলোটভ ককটেল নিক্ষেপের পর বাড়ির ভেতরে আগুন ধরে যায়। এ সময় ঘরে থাকা ফিলিস্তিনিরা নিজেদের জীবন রক্ষায় আগুন নেভানোর চেষ্টা করেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

একই সময়ে বাড়ির বাইরে পার্ক করে রাখা একটি গাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইহাব হাসান নামে একটি এক্স অ্যাকাউন্টে হামলার বিষয়ে দাবি করা হয়, কয়েক ডজন ইসরায়েলি সেটেলার আল-মুগাইর গ্রামে হামলা চালিয়ে ঘরবাড়িতে আগুন দিয়েছে। ওই পোস্টে আরও দাবি করা হয়, একটি ফিলিস্তিনি পরিবারকে হত্যার উদ্দেশ্যে তাদের ঘরের ভেতর মোলোটভ ককটেল নিক্ষেপ করা হয়েছিল।

পশ্চিমতীরে ২০২৩ সালের পর থেকে ইসরায়েলি সেটেলারদের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা বেড়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। ফিলিস্তিনিদের গ্রাম ও বাড়িঘরে হামলার পাশাপাশি অগ্নিসংযোগের অভিযোগও রয়েছে।

অভিযোগ রয়েছে, এসব ঘটনায় অনেক সময় ইসরায়েলি সেনা ও পুলিশের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না। কোথাও কোথাও হামলাকারীদের সহায়তার অভিযোগও উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *