অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ পরিবর্তন নিয়ে মাঠে নামছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের একাদশে বড় পরিবর্তন এনেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র হওয়ার পর এবার একাদশে সাতটি পরিবর্তন করেছেন তিনি। এর মধ্যে সবচেয়ে বড় চমক হিসেবে ‘ফলস নাইন’ ভূমিকায় দেখা যাবে রাফিনিয়াকে।

প্রথম ম্যাচে শুরুর একাদশে থাকা এন্দ্রিক এবার থাকছেন বেঞ্চে। তাঁর জায়গায় আক্রমণভাগে শুরু করবেন রায়ান। ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে আক্রমণভাগের অন্য জায়গায় থাকছেন রাফিনিয়া ও রায়ান।

‘নয়’ নম্বর পজিশনে রাফিনিয়ার খেলার অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। চলতি মৌসুমে বার্সেলোনার হয়েও তাকে আক্রমণের মাঝখানে খেলানো হচ্ছে। নতুন এই ভূমিকায় দারুণ ছন্দে রয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা। আট ম্যাচে করেছেন ১৪ গোল।

মাঝমাঠেও থাকছে পরিবর্তন। দানিলো ও ব্রুনো গুইমারেসের সঙ্গে প্রথমবার জাতীয় দলের শুরুর একাদশে সুযোগ পেয়েছেন সান্তোসের মিডফিল্ডার গ্যাব্রিয়েল বন্তেপো। জাতীয় দলের মূল দলে এটাই তার প্রথমবার শুরুর একাদশে খেলা।

রক্ষণভাগেও দেখা যাবে প্রায় নতুন চেহারা। গোলরক্ষক হিসেবে শুরু করবেন ওতাভিও। তার সামনে থাকবেন ভান্দেরসন, জাইর, গ্যাব্রিয়েল মাগালায়েস ও মাউরো জুনিয়র।

ফলে প্রথম ম্যাচের শুরুর একাদশে থাকা হুগো সুজা, মাতেউজিনিও, মারকিনিয়োস, ভিতোর রেইস ও দগলাস সান্তোস এবার শুরু থেকে খেলছেন না।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় প্রীতি ম্যাচটি ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *