হাসপাতালের ওয়ার্ডে ছাদের পলেস্তারা খসে আহত রোগী

চাঁদপুর প্রতিনিধি: 

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি (হৃদ্‌রোগ) বিভাগের পুরুষ ওয়ার্ডে ছাদের পলেস্তারা খসে এক রোগী আহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

আহত রোগীর নাম মোহাম্মদ আবুল খায়ের (৫০)। তিনি ফরিদগঞ্জ উপজেলার মদননগর এলাকার বাসিন্দা এবং হৃদ্‌রোগ বিভাগে চিকিৎসাধীন ছিলেন। ছাদের পলেস্তারা খসে তাঁর শরীরে আঘাত লাগে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতাল সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, হৃদ্‌রোগ বিভাগের পুরুষ ওয়ার্ডের ছাদের একটি বড় অংশের পলেস্তারা খসে নিচে থাকা রোগীদের ওপর পড়ে। এতে ওয়ার্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর ঝুঁকিপূর্ণ অংশের নিচে থাকা রোগী ও তাঁদের স্বজনদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, বড় ধরনের কোনো দুর্ঘটনা বা প্রাণহানি ঘটার আগে হাসপাতালের ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি দ্রুত সংস্কারকাজ শুরু করার দাবি জানান তাঁরা।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, হাসপাতালের কিছু ভবনের অংশ পুরোনো হওয়ায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি গণপূর্ত বিভাগকে জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের অনুরোধ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *