স্পোর্টস ডেস্ক:
জানুয়ারির দলবদলে বার্সেলোনার ফরাসি ডিফেন্ডার জুল কুন্দেকে দলে ভেড়াতে আগ্রহী বায়ার্ন মিউনিখ। তবে তাকে পেতে হলে কাতালান ক্লাবটির বড় অঙ্কের অর্থের শর্ত পূরণ করতে হবে জার্মান ক্লাবটিকে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-এর বরাত দিয়ে ফুট মার্কাতো জানিয়েছে, বায়ার্নের শীতকালীন দলবদলের তালিকায় কুন্দে ওপরের দিকেই রয়েছেন। বার্সেলোনায় চলতি মৌসুমে তার একাদশে থাকার সুযোগ আগের তুলনায় কমে যাওয়ায় তাকে দলে নেওয়ার সম্ভাবনা দেখছে বায়ার্ন।
২৭ বছর বয়সী কুন্দে গত কয়েক মৌসুমে সেন্টার-ব্যাক থেকে রাইট-ব্যাকে নিজের ভূমিকা বদলেছিলেন। চলতি মৌসুমে কোচ হান্সি ফ্লিক তাকে আবার রক্ষণভাগের মাঝেও খেলানোর চেষ্টা করেছেন। কিন্তু এরপরও একাদশে তার অবস্থান আগের মতো শক্ত হয়নি।
বার্সেলোনার মৌসুমের প্রথম সাত ম্যাচের মাত্র তিনটিতে শুরু থেকে মাঠে নামেন কুন্দে। তার পরিবর্তে এরিক গার্সিয়াও ফ্লিকের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। ফলে জানুয়ারির দলবদলে নতুন ক্লাব খোঁজার সম্ভাবনা তৈরি হয়েছে এই ফরাসি ডিফেন্ডারের সামনে।
কুন্দের সঙ্গে বার্সেলোনার বর্তমান চুক্তির মেয়াদ ২০৩০ সালের জুন পর্যন্ত। তবে তাকে দলে নিতে হলে বায়ার্নকে প্রায় ৭ কোটি ৫০ লাখ ইউরো খরচ করতে হতে পারে। বার্সেলোনা ফরাসি ডিফেন্ডারের জন্য এই মূল্য নির্ধারণ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কুন্দেকে দলে নিতে অর্থের ব্যবস্থা করতে বায়ার্ন কিম মিন-জায়ের ভবিষ্যৎ নিয়েও পরিকল্পনা করছে। দক্ষিণ কোরিয়ার এই ডিফেন্ডারকে বিক্রি করে প্রায় ৩ কোটি ইউরো পাওয়ার প্রত্যাশা করছে জার্মান ক্লাবটি। তবে অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে কিমের ক্লাব ছাড়ার সম্ভাবনা খুব কম।
এদিকে কুন্দের ভবিষ্যৎও এখনো নিশ্চিত নয়। রক্ষণভাগে চোটের কারণে বার্সেলোনার পরিস্থিতি বদলে যেতে পারে। বিশেষ করে আন্দ্রেয়াস ক্রিস্তেনসেনের চোটের পর কুন্দেকে আবার সেন্টার-ব্যাক হিসেবে খেলানোর সম্ভাবনা তৈরি হয়েছে।