নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ১৮৯তম পরিচালনা পরিষদের ১৮৯তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় ফাউন্ডেশনের চলমান কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন পরিচালনা পরিষদের সদস্যরা।
সভার শুরুতে ফাউন্ডেশনের নবনিযুক্ত চেয়ারম্যান খোন্দকার মো. মোরতাজুল করিম বাদরুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিচালনা পরিষদের সদস্যরা। পরে তাঁর সভাপতিত্বে সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সভায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিদ্যমান কার্যক্রম, চলমান বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দেশের এনজিও খাতের সমন্বয়, সক্ষমতা বৃদ্ধি এবং উন্নয়নমূলক কার্যক্রমে ফাউন্ডেশনের ভূমিকা আরও জোরদার করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এনজিওগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে এনজিওগুলো দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।
এই কার্যক্রমকে আরও সমন্বিত ও ফলপ্রসূ করতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের উদ্যোগ জোরদার করা প্রয়োজন বলে সভায় মত দেন বক্তারা। পাশাপাশি চলমান প্রকল্পগুলোর কার্যকারিতা মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় বাস্তবভিত্তিক ও জনকল্যাণমুখী উদ্যোগ অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও সাবেক সচিব ড. মোহাম্মদ আবদুল মজিদ, সাবেক সিনিয়র সচিব সি কিউ কে মুসতাক আহমদ, পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব সিরাজুন নূর চৌধুরী, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স সেন্টারের (বিটাক) মহাপরিচালক মো. সাইফুল ইসলাম এবং ফেডারেশন অব এনজিও’জ ইন বাংলাদেশের (এফএনবি) চেয়ার জাকির হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক অতিরিক্ত সচিব মো. শাহজাহান। পরিচালনা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়।