ওলিসেকে ধরে রাখতে ২০৩২ পর্যন্ত চুক্তি, রিলিজ ক্লজের শর্ত

স্পোর্টস ডেস্ক:

ফরাসি ফরোয়ার্ড মাইকেল ওলিসেকে ধরে রাখতে নতুন চুক্তির প্রস্তুতি নিচ্ছে বায়ার্ন মিউনিখ। আন্তর্জাতিক বিরতির পর তার সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে আলোচনায় বসবে জার্মান ক্লাবটি। তবে নতুন চুক্তিতে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছেন ওলিসে—চুক্তিতে নির্দিষ্ট অঙ্কের রিলিজ ক্লজ রাখতে হবে।

বর্তমানে বায়ার্নের সঙ্গে ওলিসের চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত। সেটি আরও তিন বছর বাড়িয়ে ২০৩২ সাল পর্যন্ত করতে চায় ক্লাবটি। এজন্য তার বার্ষিক বেতন ১৪ মিলিয়ন ইউরো থেকে বাড়িয়ে ২৫ মিলিয়ন ইউরো করার পরিকল্পনা রয়েছে। আগামী গ্রীষ্ম থেকে এই নতুন বেতন কার্যকর করার প্রস্তাবও দেওয়া হতে পারে।

তবে বড় অঙ্কের বেতন দেওয়ার প্রস্তাবই ওলিসেকে চুক্তি নবায়নে রাজি করানোর জন্য যথেষ্ট নয়। তার প্রতিনিধিদের প্রধান দাবি, নতুন চুক্তিতে একটি নির্দিষ্ট অঙ্কের রিলিজ ক্লজ রাখতে হবে। বর্তমান চুক্তিতে এমন কোনো শর্ত নেই।

রিলিজ ক্লজের সঠিক অঙ্ক এখনো নির্ধারণ করা হয়নি। তবে জার্মান সংবাদমাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এর পরিমাণ ২০০ মিলিয়ন ইউরোরও বেশি হতে পারে। এমন শর্ত যুক্ত হলে ওলিসেকে নিয়ে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের আগ্রহও নতুন মাত্রা পেতে পারে।

ওলিসের চুক্তিতে রিলিজ ক্লজ অবশ্য নতুন বিষয় নয়। ক্রিস্টাল প্যালেসে থাকাকালেও তার চুক্তিতে এমন শর্ত ছিল। ২০২৪ সালে সেই ক্লজ কার্যকর করে ৫৩ মিলিয়ন ইউরোতে তাকে দলে ভেড়ায় বায়ার্ন। এবারও নতুন চুক্তিতে একই ধরনের নিশ্চয়তা চান ২৪ বছর বয়সী এই ফুটবলার।

বায়ার্ন অবশ্য বিষয়টি দ্রুত সমাধান করতে চায়। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবের্ল জানিয়েছেন, আগামী গ্রীষ্মের মধ্যেই ওলিসে চুক্তি বাড়াতে আগ্রহী কি না, সে বিষয়ে পরিষ্কার ধারণা পেতে চায় ক্লাব।

চলতি মৌসুমে মাঠের পারফরম্যান্সও ওলিসেকে ধরে রাখতে বায়ার্নের আগ্রহের বড় কারণ। মৌসুমের শুরুতে সাত ম্যাচে তিনি করেছেন ৮ গোল এবং দিয়েছেন ৪টি অ্যাসিস্ট। দুর্দান্ত পারফরম্যান্সের পর তার বাজারমূল্য ১৭০ মিলিয়ন ইউরো বলে উল্লেখ করা হয়েছে।

রিয়াল মাদ্রিদের সঙ্গে ওলিসের নাম বেশ কিছুদিন ধরেই জড়াচ্ছে। লিভারপুলও তার পরিস্থিতির ওপর নজর রাখছে। তবে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব সামনে আসেনি। ফলে বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি নিয়ে ওলিসের অবস্থান কী হয়, সেটিই আপাতত আলোচনার কেন্দ্রবিন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *