ঘাটাইলে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

উজ্জ্বল মিয়া:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নে তামান্না ইসলাম তরী (১৮) নামে এক গৃহবধূকে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী মোহাম্মদ রোমানের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের উত্তর খিলগাতী গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের ভাষ্য, ঘটনার সময় ঘরের ভেতর থেকে তরীর কান্নার শব্দ শুনতে পান তাঁর মা সাহানাজ বেগম। পরে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেয়েকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন তিনি।

পরবর্তীতে গুরুতর আহত তরীকে ভোররাতে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মেয়ের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাহানাজ বেগম।

দেউলাবাড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আবু হানিফ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন। তাঁর দাবি, তরীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্‌ঘাটন করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, ঘটনার পর রোমান পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *