নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বেউথা এলাকার কালীগঙ্গা নদীতে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা এ নৌকাবাইচকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
এবারের নৌকাবাইচের অন্যতম আকর্ষণ কুড়িগ্রামের রৌমারী থেকে আসা খেল্লা নৌকা ‘মায়ের দোয়া’। ভারতের তৈরি শাল কাঠ দিয়ে নির্মিত নৌকাটি তৈরি করতে প্রায় ছয় লাখ টাকা ব্যয় হয়েছে। গত এক মাস ধরে নৌকাটি নির্মাণ করা হয়েছে। এবারই প্রথম কোনো নৌকাবাইচে অংশ নিচ্ছে ‘মায়ের দোয়া’।
‘মায়ের দোয়া’ নৌকার পরিচালক মজিবুর রহমান ও সহকারী পরিচালক আব্দুল কাইয়ুম জানান, গত ৩০ সেপ্টেম্বর সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচর গ্রাম থেকে ব্রহ্মপুত্র নদ হয়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন তারা। বিভিন্ন নদীপথ অতিক্রম করে বেউথা ঘাটে পৌঁছাতে তাদের তিন দিন সময় লেগেছে। এবারের প্রতিযোগিতায় জয়লাভের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের নৌকাবাইচে কুড়িগ্রামের রৌমারী, টাঙ্গাইলের নাগরপুর, পাবনার সাঁথিয়া এবং মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার মোট ২২টি নৌকা চারটি ক্যাটাগরিতে অংশ নেবে।
এর মধ্যে ১০টি খেল্লা/গয়ইটা, ৫টি ঘাসি/ছিপা, ৪টি ছান্দি এবং ৩টি পানসি নৌকা রয়েছে। পাশাপাশি ৭০ ও ৮০ হাত দীর্ঘ দুটি কলাগাছের ভেলাও নৌকাবাইচে অংশ নেবে।
আয়োজক কমিটি জানিয়েছে, সকাল ১০টায় ঘোষণা মঞ্চ থেকে অংশগ্রহণকারী নৌকার প্রতিনিধিদের হাতে টোকেন তুলে দেওয়া হবে। দুপুর ১২টায় শুরু হবে ঘাসি ও খেল্লা নৌকার বাছাই পর্ব। তবে ছান্দি ও পানসি নৌকাগুলো সরাসরি মূল পর্বে প্রতিযোগিতা করবে।
নৌকাবাইচে অংশগ্রহণকারী প্রতিটি নৌকার জন্য বিশেষ পুরস্কার হিসেবে থাকছে একটি করে ৮ সিএফটি ফ্রিজ। পাশাপাশি চারটি ক্যাটাগরির বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
খেল্লা/গয়ইটা ও ঘাসি/ছিপা ক্যাটাগরিতে প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১০০ সিসি মোটরসাইকেল। দ্বিতীয় পুরস্কার হিসেবে দেওয়া হবে ১৬ সিএফটি ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে ১১ সিএফটি ফ্রিজ। বাছাই পর্বেও ফ্রিজ পুরস্কার রাখা হয়েছে।
ছান্দি ও পানসি ক্যাটাগরিতে প্রথম পুরস্কার হিসেবে থাকবে দুটি ইলেকট্রিক বাইক। দ্বিতীয় পুরস্কার হিসেবে দুটি ১৬ সিএফটি ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার হিসেবে দুটি ১১ সিএফটি ফ্রিজ দেওয়া হবে।
পুরস্কারের পাশাপাশি প্রতিটি নৌকার জন্য থাকবে একটি করে ঐতিহ্যবাহী পিতলের কাপ।
এছাড়া ‘যেমন খুশি তেমন সাজো’ ক্যাটাগরিতে সেরা সাজে সজ্জিত নৌকা ও ব্যক্তিদের জন্যও থাকছে বিশেষ পুরস্কার। এসব পুরস্কারের মধ্যে টেলিভিশন, প্রেসার কুকার ও রাইস কুকারসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।
জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিতব্য এ নৌকাবাইচে সভাপতিত্ব করবেন উৎসব পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আ ত ম জহীর আলম খান লোদী। অনুষ্ঠান সঞ্চালনা করবেন কমিটির সদস্যসচিব মাসুদ পারভেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর।
এ ছাড়া অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
ঐতিহ্যবাহী এ নৌকাবাইচকে ঘিরে কালীগঙ্গা নদীর বেউথা ঘাট এলাকায় ইতোমধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণকারী নৌকা আসায় প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।