আইটি ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামকে ‘মেয়েদের অ্যাপ’ বলে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন এক্সের মালিক ইলন মাস্ক। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) এক্সে দেওয়া তাঁর মন্তব্য ঘিরে ব্যবহারকারীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
ঘটনার সূত্রপাত বিনিয়োগ প্রতিষ্ঠান গেইগার ক্যাপিটালের একটি পোস্টকে কেন্দ্র করে। প্রতিষ্ঠানটি এক্সে জানায়, তারা নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মুছে ফেলেছে। তাদের দাবি, ইনস্টাগ্রাম মূলত নারীকেন্দ্রিক প্ল্যাটফর্ম হওয়ায় প্রতিষ্ঠানটির জন্য এটি তেমন উপযোগী নয়।
ওই পোস্টের জবাবে মাস্ক লেখেন, ‘Instagram is for girls’—অর্থাৎ, ইনস্টাগ্রাম মেয়েদের জন্য।
মাস্কের মন্তব্যের পর এক্স ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ তাঁর বক্তব্যের সঙ্গে একমত হয়ে রসিকতা করেন, আবার অনেকে মন্তব্যটির সমালোচনা করেন। সমালোচকদের মতে, ইনস্টাগ্রামকে কোনো নির্দিষ্ট লিঙ্গের প্ল্যাটফর্ম হিসেবে চিহ্নিত করা যথাযথ নয়। কারণ, বিনোদন, ব্যবসা, সামাজিক সচেতনতা ও ব্যক্তিগত মত প্রকাশসহ নানা কাজে এটি ব্যবহৃত হয়।
এক ব্যবহারকারী মন্তব্য করেন, ইনস্টাগ্রামে বিভিন্ন বয়স, পেশা ও সামাজিক গোষ্ঠীর মানুষের জন্য নানা ধরনের কনটেন্ট রয়েছে। সেখানে শরীর নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, অন্তর্ভুক্তি ও বৈচিত্র্যের মতো বিষয়ও গুরুত্ব পায়। আরেক ব্যবহারকারী ব্যঙ্গ করে বলেন, সম্ভবত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার পরই মাস্ক এমন সিদ্ধান্তে পৌঁছেছেন।
আগেও একই ধরনের মন্তব্য
ইনস্টাগ্রাম নিয়ে এর আগেও একই ধরনের মন্তব্য করেছেন মাস্ক। চলতি বছরের শুরুতে এক অনলাইন আলোচনায় তিনি বলেন, কিছু পুরুষ তাঁকে তাঁদের ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক পাঠান। সে সময়ও প্ল্যাটফর্মটিকে নারীদের সঙ্গে বেশি সম্পৃক্ত বলে উল্লেখ করেন তিনি।
তাঁর সর্বশেষ মন্তব্যের পর এক্স ও ইনস্টাগ্রামের ব্যবহারকারী গোষ্ঠী এবং প্ল্যাটফর্ম দুটির সংস্কৃতি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।
জাকারবার্গের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা
মাস্কের মন্তব্যটি এসেছে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে। ২০২৩ সালের জুলাইয়ে মেটা ইনস্টাগ্রামের সঙ্গে যুক্ত টেক্সটভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস চালু করে। প্ল্যাটফর্মটি এক্সের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত।
এরপর থেকে মাস্ক ও জাকারবার্গের মধ্যে একাধিকবার প্রকাশ্য বাকবিতণ্ডা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা খাতেও প্রতিযোগিতায় রয়েছে তাঁদের প্রতিষ্ঠান। মাস্কের এক্সএআই এবং মেটা—দুই পক্ষই নিজস্ব এআই মডেল ও প্রযুক্তি উন্নয়নে কাজ করছে।