তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের কথা জানালেন চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক:

আগামী তিন মাসের মধ্যে কিশোর গ্যাংয়ের তৎপরতা সমূলে উৎখাত করা হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তিনি বলেন, কিশোররা অস্ত্র ও চাপাতি নিয়ে ঘুরবে না; তারা বই-খাতা নিয়ে স্কুলে যাবে, লেখাপড়া করবে, দক্ষতা অর্জন করবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক প্রযুক্তির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করবে।

শুক্রবার (২ অক্টোবর) এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার চেয়ে সামাজিক আন্দোলনই অধিক কার্যকর’ শীর্ষক ছায়া সংসদে এসব কথা বলেন তিনি।

চিফ হুইপ বলেন, কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে। বর্তমানে যারা সমাজে সন্ত্রাস ও মব সৃষ্টি করছে, বিগত শাসনামলেও তাদের অনেকে এসব কর্মকাণ্ডে যুক্ত ছিল বলে তিনি দাবি করেন। তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নুরুল ইসলাম মনি বলেন, ‘আমরা কোনো হেলমেট বাহিনী দেখতে চাই না, হাতুড়ি বাহিনী তৈরির কোনো ইচ্ছা বর্তমান সরকারের নেই। আমাদের দায় চাপানোর রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। অশ্লীল ভাষা বরদাশত করা হবে না।’

তিনি আরও বলেন, ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে যারা অপপ্রচার করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মানুষের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালনার দায়িত্ব পালন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। নিজের ঘর থেকেই অপরাধ নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করা হয়েছে। দেশকে এগিয়ে নিতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী, মাদক কারবারি ও জুয়ারিরা ক্ষমতার পালাবদলের সঙ্গে নিজেদের রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে। তাঁর দাবি, এদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।

তিনি বলেন, বিগত শাসনামলে যারা রাজনৈতিক ছত্রচ্ছায়ায় কিশোর গ্যাং পরিচালনা করত, তাদের কেউ কেউ বর্তমানে ক্ষমতাসীনদের নাম ব্যবহার করে কিশোর অপরাধ সংগঠিত করছে। কিশোর গ্যাং সংস্কৃতি প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

হাসান আহমেদ চৌধুরী কিরণ আরও বলেন, সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই ঢালাওভাবে সরকারের ওপর দায় চাপানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসা উচিত। ‘ব্লেম গেমের’ রাজনীতি পরিহার না করলে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ন্ত্রণ করা কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি।

রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির রাজনৈতিক দায় নিয়ে আলোচনা এবং পরবর্তী সময়ে তাঁর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের প্রসঙ্গও তুলে ধরেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। তাঁর মতে, এ পদত্যাগের মাধ্যমে সরকারের পক্ষ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বিজয়ী হয়।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ, সাংবাদিক এম এম বাদশাহ্, সাংবাদিক মনির মিল্লাত ও সাংবাদিক জাফর ইকবাল। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *