রিয়াদের আকাশচুম্বী ভবনে হুথিদের হামলায় আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি আকাশচুম্বী ভবনে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রিয়াদের আর্থিক জেলার একটি টাওয়ারে এ হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ হতাহতের বিষয়টি জানিয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের আর্থিক জেলার একটি টাওয়ারকে লক্ষ্য করে হামলা চালায় হুথি মিলিশিয়ারা। হামলার পরপরই জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। এতে অন্তত ১১ জন আহত হন।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটও রিয়াদের আর্থিক জেলার ওই আকাশচুম্বী ভবনে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলা করছে বলে জোটের পক্ষ থেকে জানানো হলেও হামলার বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

রাজধানী সানাসহ পশ্চিম ইয়েমেনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে হুথি মিলিশিয়ারা। গত জুলাই থেকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল অবকাঠামো লক্ষ্য করে গোষ্ঠীটি নিয়মিত হামলা চালিয়ে আসছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের পরোক্ষ প্রভাবে ওই সময় ইয়েমেনের স্থবির হয়ে থাকা গৃহযুদ্ধ নতুন করে শুরু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্থলভাগেও হুথি যোদ্ধারা এডেনভিত্তিক সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কাছ থেকে বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছে। এর ফলে চলতি মাসে ইয়েমেনের স্বীকৃত সরকার দেশটির বিশাল এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে।

এর আগে চলতি মাসে রিয়াদের সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন এবং সৌদি সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তরে হামলা চালায় হুথিরা। ওই ঘটনায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হননি। এ ছাড়া গত ৮ নভেম্বর রিয়াদে সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি ভবনেও হামলা চালিয়েছিল গোষ্ঠীটি।

সূত্র: এএফপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *