আন্তর্জাতিক ডেস্ক:
গাজা সিটির রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (৩ অক্টোবর) ভোরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আল-শিফা হাসপাতালের চিকিৎসকেরা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে চারজন নারী রয়েছেন। তাঁদের মধ্যে একজন বয়স্ক খ্রিষ্টান নারী ও তাঁর মেয়ে রয়েছেন।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম গাজা সিটির রিমাল এলাকার আল-আসালা ভবনের একটি অ্যাপার্টমেন্টে হামলাটি চালানো হয়। স্থানীয় সাংবাদিকদের ভাষ্য, হামলার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
আল-জাজিরার প্রতিবেদক হানি আল-শায়ের জানান, হামলার সময় ভবনের বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। প্রথমে যুদ্ধবিমানের শব্দ বাড়তে থাকে। এরপর পরপর তিনটি হামলা চালানো হয়। এতে লক্ষ্যবস্তু অ্যাপার্টমেন্টটি ধ্বংস হওয়ার পাশাপাশি ভবনের নিচের কয়েকটি তলাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়। প্রায় এক ঘণ্টা পর ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান শুরু হয়।
প্রতিবেদক আরও জানান, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও মরদেহ উদ্ধারের সময়ও এলাকায় ইসরাইলি ড্রোন উড়তে দেখা যায় এবং নিচু দিয়ে যুদ্ধবিমান উড়ে যাওয়ার শব্দ শোনা যায়।
রিমাল গাজা সিটির ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি। সেখানে হাজারো বাস্তুচ্যুত মানুষ অস্থায়ী তাঁবু ও আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।