দেব-শুভশ্রীর পুরোনো সম্পর্ক ঘিরে নেটিজেনদের নানা মন্তব্য

বিনোদন ডেস্ক:

আসন্ন দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় থাকা ‘দেশু ৭’ সিনেমার প্রচারে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে হাজির হয়েছিলেন টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। শিলিগুড়ি ও শ্রীরামপুরের পর দুর্গাপুরের প্রচারমঞ্চেও এই জুটির উপস্থিতি, নাচ ও গান দর্শক-অনুরাগীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।

ইভেন্টে দেবকে কালো টি-শার্ট ও জ্যাকেটে দেখা যায়। অন্যদিকে শুভশ্রী পরেছিলেন কালো-সাদা পোলকা ডটের হল্টার-নেক মিডি ড্রেস। আন্তর্জাতিক ব্র্যান্ড ‘জারা’র ওই পোশাকটির দাম ৪ হাজার ৯৫০ রুপি বলে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে পোশাকের চেয়ে শুভশ্রীর শেয়ার করা ছবির কমেন্ট বক্সে দেব-শুভশ্রীর পুরোনো সম্পর্ক ও বর্তমান সময়ের পর্দার রসায়ন নিয়েই বেশি আলোচনা হয়েছে।

২০০৯ সালের ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া দেব-শুভশ্রীর বাস্তব জীবনের সম্পর্ক ২০১৩ সালে ভেঙে যায়। বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহিত এবং দেবের সঙ্গে অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সম্পর্ক রয়েছে।

দীর্ঘ সময় পর দেব ও শুভশ্রীকে একসঙ্গে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ বিষয়টি নিয়ে রসিকতা করেছেন, আবার কেউ পুরোনো সম্পর্কের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেছেন।

এক নেটিজেন মন্তব্য করেন, ‘পৃথিবীর সবচাইতে ধৈর্যশীল ব্যক্তি রুক্মিণী মৈত্র ও রাজ চক্রবর্তী।’ আরেকজন শুভশ্রীকে উদ্দেশ করে লেখেন, ‘শেষে সেই দেব? তাহলে রাজকে বিয়ে করার কি মানে ছিল?’

অন্য এক ভক্ত মন্তব্য করেন, ‘এক্স-এর সাথে সময় কাটানোর মজাই আলাদা।’ আবার কেউ শুভশ্রীকে খোঁচা দিয়ে লেখেন, ‘শুভশ্রী, তোমার মতো একজন প্রাক্তন আমার জীবনেও দরকার ছিল।’

উল্লেখ্য, ‘দেশু ৭’ দেব ও শুভশ্রী জুটির সপ্তম সিনেমা। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনাও করছেন দেব। আগামী ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *