হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, মৃতের সংখ্যা ১১২২

অনলাইন ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হামে আক্রান্ত হয়ে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে।

শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৫৩ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৪৪ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, সিলেটে ১৫৮ জন, চট্টগ্রামে ২২৪ জন, বরিশালে ১৩৮ জন, ময়মনসিংহে ৪৯ জন, খুলনায় ৭৩ জন এবং রংপুরে ৩৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।

এদিকে, ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জনে। তাদের মধ্যে ২১ হাজার ৬৬৬ জন হামে আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *