নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুরের পাইকপাড়া সরকারি কোয়ার্টারে লিফট দুর্ঘটনার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি লিফটের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় নিয়ম যথাযথভাবে মানা হয়েছে কি না, তা খতিয়ে দেখবে কমিটি। তদন্ত প্রতিবেদন দিতে কমিটিকে সাত কার্যদিবস সময় দেওয়া হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু নাছের স্বাক্ষরিত এক আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়। মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল বাকের মো. তৌহিদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে।
কমিটির অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাহবুব আলম এবং গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ই/এম) আবদুল্লাহ আল মামুন।
তদন্ত কমিটিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের পাশাপাশি লিফট রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা যাচাই করতে বলা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবের কাছে জমা দিতে বলা হয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশও করেছে মন্ত্রণালয়।