২০৩৯ সালে একই বছরে ৩ ঈদ ও ২ হজ, বিরল ঘটনার অপেক্ষা

আন্তর্জাতিক ডেস্ক:

এক বছরে সাধারণত দুটি ঈদ ও একবার হজের সময় আসে। তবে ২০৩৯ সালে ব্যতিক্রমী এক পরিস্থিতির মুখোমুখি হতে পারেন মুসলিমরা। ওই বছর একই ইংরেজি বছরে তিনটি ঈদ এবং দুটি হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সৌদি আরবের জলবায়ু ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ড. আবদুল্লাহ আল মিসনাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

এর পেছনে মূল কারণ হিজরি চান্দ্র বর্ষ ও ইংরেজি সৌরবর্ষের মধ্যে দিনের ব্যবধান। হিজরি বছর চাঁদের হিসাব অনুযায়ী চলে এবং এতে ৩৫৪ বা ৩৫৫ দিন থাকে। অন্যদিকে ইংরেজি সৌরবর্ষে থাকে ৩৬৫ বা ৩৬৬ দিন। ফলে প্রতিবছর হিজরি তারিখ ইংরেজি ক্যালেন্ডারের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন করে এগিয়ে আসে।

এই হিসাব অনুযায়ী, ২০৩৯ সালের শুরুতেই প্রথম ঈদুল আজহার দেখা মিলবে। ৬ জানুয়ারি হিজরি ১৪৬০ সালের ১০ জিলহজ পালিত হবে ঈদুল আজহা। একই সঙ্গে এটি হবে ওই হজ মৌসুমের শেষ দিন।

এরপর চান্দ্রবর্ষের প্রায় ১২ মাস পর আবার হজের মৌসুম আসবে। ২০৩৯ সালের ২৬ ডিসেম্বর হিজরি ১৪৬১ সালের ১০ জিলহজ পালিত হওয়ার কথা রয়েছে। অর্থাৎ একই ইংরেজি বছরে মক্কায় দুইবার হজের সময় পড়বে।

দুটি হজের মাঝামাঝি সময়ে পড়বে ঈদুল ফিতর। হিসাব অনুযায়ী, ১৯ অক্টোবর ঈদুল ফিতর হওয়ার কথা রয়েছে। ফলে ২০৩৯ সালে একটি ঈদুল ফিতর এবং দুটি ঈদুল আজহা মিলিয়ে মোট তিনটি ঈদ হতে পারে।

দুটি হজের ক্ষেত্রেই পৃথকভাবে আরাফার দিন আসবে। হজের গুরুত্বপূর্ণ এই দিনে হাজিরা আরাফাতের ময়দানে সমবেত হয়ে ইবাদত ও দোয়া করেন।

এদিকে একই ধরনের ক্যালেন্ডারগত ব্যতিক্রম রমজানেও দেখা যাবে। ২০৩০ সালে একই ইংরেজি বছরে দুবার রমজান শুরু হওয়ার কথা রয়েছে। একটি রমজান জানুয়ারিতে এবং পরেরটি ডিসেম্বরে পড়বে। প্রায় ৩৩ বছর পর এমন ঘটনা ঘটবে; এর আগে ১৯৯৭ সালে একই ইংরেজি বছরে দুবার রমজান এসেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *