স্পোর্টস ডেস্ক:
ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে ৭-০ গোলে হেরে নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের স্বাদ পেয়েছে ক্রোয়েশিয়া। এমন ভরাডুবির পর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন দলটির অধিনায়ক ও অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদরিচ। ম্যাচ শেষে নিজের দীর্ঘ ক্যারিয়ারে এমন পারফরম্যান্সের পর প্রথমবার লজ্জিত বোধ করার কথা জানিয়েছেন তিনি।
স্পেনের বিপক্ষে আগের ম্যাচে ছিলেন না মদরিচ। ইংল্যান্ডের বিপক্ষে ফিরেই দেখলেন দলের এমন বিপর্যয়। ম্যাচ শেষে তিনি বলেন, ‘কোন্দল, ভুলভ্রান্তি, আগ্রাসন ও ঐক্যের অভাবের কথা না বলে এমন একটা পারফরম্যান্সের ব্যাখ্যা পাওয়া খুব কঠিন। আমি ২০ বছর ধরে খেলছি এখানে, কিন্তু প্রথমবার একটি ম্যাচের পর লজ্জিত বোধ করছি।’
২০১৮ বিশ্বকাপে ফাইনাল এবং পরের বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করা ক্রোয়েশিয়ার ফুটবলে সাম্প্রতিক বছরগুলোতে সাফল্যের ছাপ রয়েছে। ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারের পর সেই সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে মনে করেন ৪১ বছর বয়সী মদরিচ।
তিনি বলেন, ‘এই পরাজয় মেনে নেওয়া যায়, কারণ এখন ইংল্যান্ড আমাদের চেয়ে ভালো দল। কিন্তু বছরের পর বছর ধরে যে সুনাম আমরা অর্জন করেছি, এভাবে হেরে সেটা ক্ষুণ্ন করা একেবারে গ্রহণযোগ্য নয়। আমি ভীষণ লজ্জিত বোধ করছি।’
দলের পারফরম্যান্সের সমালোচনা করে মদরিচ বলেন, ‘এভাবে ফুটবল খেলতে পারেন না। মনে হচ্ছিল আমাদের চার-পাঁচজন খেলোয়াড় নেই। এটা ছিল বিপর্যয়কর রাত। আমাদের একে অন্যকে দোষারোপ করা কিংবা বলির পাঁঠা খোঁজা উচিত নয়। আমাদের অবশ্যই একসঙ্গে দাঁড়াতে হবে।’
এই আন্তর্জাতিক বিরতিতে ক্রোয়েশিয়ার সামনে এখন স্পেনের বিপক্ষে ম্যাচ। ইংল্যান্ডের কাছে বড় হারের পর সেই ম্যাচও কঠিন হবে বলে স্বীকার করেছেন মদরিচ।
তার ভাষায়, ‘আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কারণ আমাদের জন্য আরেকটি কঠিন ম্যাচ অপেক্ষা করছে। আমাদের অবশ্যই আসল সামর্থ্য দেখাতে হবে। আমাদের হতাশা, গর্ব, আকাঙ্ক্ষা, ইচ্ছা ও একতার প্রকাশও থাকতে হবে। এভাবে খেলা অগ্রহণযোগ্য।’
এরপর দলের পারফরম্যান্স নিয়ে নিজের হতাশার মাত্রা বোঝাতে মদরিচ বলেন, ‘আজ আমরা তৃতীয় বিভাগের দলের সঙ্গে খেললেও হেরে যেতাম।’
শুধু অধিনায়ক নন, কোচ স্লাভেন বিলিচও দলের পারফরম্যান্সের দায় নিজের কাঁধে নিয়েছেন। তিনি বলেন, ‘ক্রোয়েশিয়ার এটা প্রাপ্য নয়। সব দায় আমার। আমি কোচ এবং এটা আমার দেশের জাতীয় দল। আমরা সবকিছু বিশ্লেষণ করব। কিন্তু কিছু বিষয় অগ্রহণযোগ্য।’
স্পেনের বিপক্ষে পরের ম্যাচটিকে ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে দেখছেন কোচ। তিনি বলেন, ‘সামনে এগিয়ে যেতে স্পেনের বিপক্ষে ভালো পারফরম্যান্স দেখানোর বিকল্প নেই আমাদের। সবকিছু যখন ভালো যায়, তখন ইতিবাচক থাকা সহজ। কিন্তু আমাদের একতা ও আমাদের সামর্থ্য দেখানোর এখনই সঠিক সময়।’
শেষে বিলিচ বলেন, ‘যে কোনো মূল্যে আমরা স্পেনকে হারাব—এটা বলা অযৌক্তিক। কিন্তু আমাদের শক্তিশালী ও সাহসী ক্রোয়েশিয়াকে তুলে ধরতে হবে।’