নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর লালবাগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় শারমিন সুলতানা সর্মি (৪৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
রোববার (৪ অক্টোবর) সকালে ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শারমিন সুলতানা সর্মির শেখ সাহেব বাজার এলাকায় অবস্থানের তথ্য পাওয়া যায়। পরে তথ্য যাচাই করে লালবাগ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশের তথ্য অনুযায়ী, শারমিন সুলতানা সর্মি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক। এছাড়া তিনি ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শারমিন সুলতানা সর্মির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।