যানজট কমাতে ইনার সার্কুলার রিং রোডের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক:

ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের পথে থাকা প্রতিবন্ধকতা দ্রুত দূর করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রধানমন্ত্রী প্রকল্প বাস্তবায়নের পথে থাকা প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে দ্রুত দূর করার পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে বলেন। কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণ এবং প্রকল্পে দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *