চেম্বার আদালতে স্থগিত হাইকোর্টের আদেশ, পান রপ্তানিতে স্বস্তি

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র ছাড়া পান রপ্তানি করা যাবে না—হাইকোর্টের দেওয়া সেই আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে সমিতির প্রত্যয়নপত্র নেওয়ার বাধ্যবাধকতা আপাতত কার্যকর থাকছে না।

রোববার (৪ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত বাণিজ্য মন্ত্রণালয়ের করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ আদেশ দেন, সমিতির প্রত্যয়নপত্র ছাড়া বাংলাদেশ থেকে পান রপ্তানি করা যাবে না। ওই আদেশের ফলে পান রপ্তানির ক্ষেত্রে সমিতির প্রত্যয়নপত্র গ্রহণ বাধ্যতামূলক হয়ে যায়।

হাইকোর্টের আদেশের কার্যকারিতা চ্যালেঞ্জ করে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে মহাপরিচালক, বাণিজ্য সংগঠন আপিল বিভাগে আবেদন করেন। রোববার সেই আবেদনের শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের ৬ আগস্টের আদেশ স্থগিত করেন।

এর ফলে পান রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র গ্রহণের যে শর্ত হাইকোর্টের আদেশে আরোপ করা হয়েছিল, সেটির কার্যকারিতা আপাতত স্থগিত থাকবে।

অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, চেম্বার আদালতের আদেশের ফলে পান রপ্তানিতে ওই প্রত্যয়নপত্রের বাধ্যবাধকতা আপাতত থাকছে না।

বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন মন্ত্রণালয়ের আইনজীবী অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম।

অন্যদিকে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির পক্ষে আদালতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামাল ও অ্যাডভোকেট ফয়সল মোহাম্মদ ফায়েজী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *