ক্রীড়া প্রতিবেদক:
এশিয়ান গেমসে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের কারণ খুঁজে বের করতে মূল্যায়ন কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ভবিষ্যতে যেসব ইভেন্টে বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা বেশি, সেগুলো চিহ্নিত করে বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমিনুল হক বলেন, এশিয়ান গেমসে বাংলাদেশের পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক হয়েছে। এই ব্যর্থতার কারণ পর্যালোচনা করে ভবিষ্যৎ করণীয় নির্ধারণে মূল্যায়ন কমিটি কাজ করবে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়; বরং পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা। এ জন্য বিভিন্ন ফেডারেশনের পারফরম্যান্স মূল্যায়ন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যেসব খেলায় বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা রয়েছে, সেগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া হবে। খেলোয়াড়দের প্রস্তুতি ও সংশ্লিষ্ট কার্যক্রম আরও কার্যকর করার ওপরও গুরুত্ব দেওয়া হবে।
এবারের এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রিকেটে পদক জিততে পারেনি। পুরুষ ক্রিকেট দল সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের পর ব্রোঞ্জ পদকের ম্যাচেও শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে যায়। ফলে এশিয়ান গেমসে ক্রিকেট চালুর পর এবারই প্রথম পদক ছাড়া ফিরতে হয়েছে বাংলাদেশকে।
এর আগে ২০১০ সালে এশিয়ান গেমসে প্রথমবার পুরুষ ক্রিকেটে অংশ নিয়ে বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল। পরবর্তী আসরগুলোতেও ক্রিকেটে পদক পেয়েছিল বাংলাদেশ। তবে ২০২৬ সালের আসরে সেই ধারাবাহিকতা আর ধরে রাখা সম্ভব হয়নি।