মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্যে আহ্বান

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ ও মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পখাতে সহযোগিতা জোরদারে সারাওয়াকের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ এবং বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্যিক অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।

শনিবার (৩ অক্টোবর) মালয়েশিয়ার কুচিংয়ে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে সারাওয়াক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পেতার চাই মুইনসেং এবং সারাওয়াক ফার্মাসিউটিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদকের নেতৃত্বে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ডেপুটি হাইকমিশনার বাংলাদেশের অর্থনৈতিক ও শিল্পখাতের সম্ভাবনা তুলে ধরেন। তিনি সারাওয়াকের ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগ এবং বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্যিক অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানান।

এ ছাড়া ব্যবসায়ীদের মধ্যে বি২বি যোগাযোগ বৃদ্ধি, তৈরি পোশাক, খাদ্য ও পানীয়, কৃষি ও কৃষিজাত পণ্য এবং হালাল পণ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশের আসন্ন বাণিজ্য ও রপ্তানি মেলায় অংশগ্রহণের পাশাপাশি সারাওয়াকের ব্যবসায়ীদের বাংলাদেশ সফরেরও আহ্বান জানান ডেপুটি হাইকমিশনার।

পরবর্তীতে সারাওয়াক ফার্মাসিউটিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদকসহ ফার্মাসিউটিক্যাল খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে বাংলাদেশের ওষুধপণ্য, রপ্তানি ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন শাহানারা মনিকা।

এ ছাড়া বাংলাদেশ প্যাভিলিয়নে আসা ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন পণ্য ও সেবা নিয়েও মতবিনিময় করেন তিনি।

বৈঠকে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *