নিজস্ব প্রতিবেদক:
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নাম, লোগো, পরিচিতি ও দাপ্তরিক প্রতীক ব্যবহার করে অনুমোদন ছাড়া ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনার বিরুদ্ধে সতর্ক করেছে অধিদপ্তর। একই সঙ্গে এসব পেজ ও গ্রুপে মাউশির দাপ্তরিক সিদ্ধান্ত, আদেশ ও বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তিকর তথ্য এবং ব্যক্তি, রাষ্ট্র ও সরকার সম্পর্কে অসত্য বা আপত্তিকর বক্তব্য প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর) মাউশির এইচআরএম ইউনিট থেকে উপপরিচালক মো. শওকত হোসেন মোল্যার সই করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন ব্যক্তি ও ব্যক্তিবর্গ মাউশি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ‘ডিএসএইচই’ বা অনুরূপ নাম, পরিচিতি, লোগো ও দাপ্তরিক প্রতীক ব্যবহার করে ফেসবুকে বিভিন্ন পেজ ও গ্রুপ পরিচালনা করছেন। এসব পেজ বা গ্রুপের কোনোটিই মাউশি অনুমোদিত বা অধিদপ্তর পরিচালিত নয়। এ ধরনের কার্যক্রমের সঙ্গে মাউশির কোনো সংশ্লিষ্টতাও নেই।
মাউশি জানিয়েছে, ‘ডিরেক্টরেট অব সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন-ডিএসএইচই’ নামে একটি অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে। এর বাইরে মাউশির নামে পরিচালিত অন্য কোনো ফেসবুক পেজ অনুমোদিত নয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অননুমোদিত এসব পেজ ও গ্রুপে মাউশির দাপ্তরিক সিদ্ধান্ত, আদেশ, বিজ্ঞপ্তি ও কার্যক্রম সম্পর্কে অনুমোদনহীন এবং বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। কোনো কোনো পেজ ও গ্রুপে ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অশালীন, মানহানিকর, আপত্তিকর ও অসত্য বক্তব্যের পাশাপাশি রাষ্ট্র ও সরকার সম্পর্কেও অনভিপ্রেত মন্তব্য প্রকাশ করা হচ্ছে।
মাউশির ভাষ্য, এ ধরনের কার্যক্রমের ফলে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। একই সঙ্গে অধিদপ্তরের দাপ্তরিক তথ্যের গ্রহণযোগ্যতা ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ অবস্থায় বিজ্ঞপ্তি প্রকাশের সাত দিনের মধ্যে মাউশির পূর্বানুমোদন ছাড়া অধিদপ্তরের নাম, সংক্ষিপ্ত নাম, লোগো, প্রতীক বা দাপ্তরিক পরিচয় ব্যবহার করে পরিচালিত সব ফেসবুক পেজ ও গ্রুপের কার্যক্রম বন্ধ করতে বলা হয়েছে।
অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের পরও কেউ অনুমোদন ছাড়া মাউশির নাম ও পরিচয় ব্যবহার করে ফেসবুক পেজ বা গ্রুপ পরিচালনা করলে অতিরিক্ত কোনো সতর্কীকরণ ছাড়াই প্রচলিত আইন, বিধি, নীতিমালা ও সরকারি নির্দেশনা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে অননুমোদিত কার্যক্রম বন্ধ করার পাশাপাশি মাউশির নাম, পরিচয়, লোগো ও দাপ্তরিক প্রতীক ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।