আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবে আবাসিক, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ৯ হাজার ৯৯২ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই এক সপ্তাহে মোট ১১ হাজার ৮১৯ জনকে বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৭৯৩ জন আবাসিক আইন, ৩ হাজার ৩০৭ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৭১৯ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হন।
এ ছাড়া ১৯ হাজার ৮৯৩ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটে পাঠানো হয়েছে। আরও ৪ হাজার ৯১ জনের দেশে ফেরার জন্য ভ্রমণব্যবস্থা সম্পন্ন করার প্রক্রিয়া চলছিল। বর্তমানে ৩২ হাজার ১৩৯ জন প্রবাসী বিভিন্ন আইনগত প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।
অভিযানের সময় অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার অভিযোগে ১ হাজার ৩৮২ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬১ শতাংশ ইথিওপিয়ার এবং ৩৮ শতাংশ ইয়েমেনের নাগরিক। এ ছাড়া অবৈধভাবে সৌদি আরব থেকে বের হওয়ার চেষ্টার অভিযোগে আরও ৩২ জনকে আটক করা হয়েছে।
অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয়, কাজে নিয়োগ বা অন্য কোনোভাবে সহায়তার অভিযোগে ১৯ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহায়তা করা, পরিবহন, আশ্রয় বা অন্য কোনো ধরনের সহযোগিতা করলে সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। এ ছাড়া অপরাধে ব্যবহৃত যানবাহন ও আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।