ঘুরতে না নেওয়ায় স্বামীর সঙ্গে বিচ্ছেদ চান শারজার নারী

আন্তর্জাতিক ডেস্ক:

স্বামী তাকে ঘুরতে কিংবা অবসর কাটাতে বাইরে নিয়ে যেতে আগ্রহী নন—এমন অভিযোগ তুলে বিবাহবিচ্ছেদ চেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের শারজার এক নারী। স্থানীয় সংবাদমাধ্যম সামা টিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শারজাহ আদালতের পারিবারিক পরামর্শ বিভাগের পরিচালক ড. রাধিয়া হাসান আল রাইসি একটি টেলিভিশন অনুষ্ঠানে ঘটনাটি তুলে ধরেন।

তিনি জানান, ওই নারী পারিবারিক পরামর্শ বিভাগের দ্বারস্থ হয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁর ভাষ্য, স্বামী দিনের বেশিরভাগ সময় বাড়িতে থাকতে পছন্দ করেন। কোথাও ঘুরতে যাওয়া কিংবা ভ্রমণে যাওয়ার বিষয়ে তার তেমন আগ্রহ নেই।

তবে স্বামীর অন্য গুণের প্রশংসাও করেছেন ওই নারী। তিনি বলেন, তার স্বামী উদার, ধৈর্যশীল ও ভদ্র। কিন্তু বাইরে ঘোরাঘুরি ও অবসর বিনোদনের প্রতি স্বামীর অনাগ্রহ তাকে উদ্বিগ্ন করে তুলেছে।

পরিস্থিতি বিবেচনায় পারিবারিক পরামর্শ বিভাগ থেকে ওই নারীকে ভাই-বোনসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘোরাঘুরি ও অবসর কাটানোর পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে শুধু ঘোরাঘুরি না করার বিষয়কে কেন্দ্র করে যেন তিনি বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত না নেন, সে বিষয়েও তাকে পরামর্শ দেওয়া হয়েছে।

পারিবারিক পরামর্শ বিভাগের কর্মকর্তারা বলেন, দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া গুরুত্বপূর্ণ। জীবনযাপন বা অবসর কাটানোর ধরন নিয়ে পছন্দের পার্থক্য থাকতেই পারে। তবে এ ধরনের মতপার্থক্য যেন দাম্পত্য জীবনের শান্তি নষ্ট না করে, সেদিকে উভয় পক্ষের নজর রাখা প্রয়োজন।

ড. আল রাইসি বলেন, স্বামী-স্ত্রীর জীবনযাপন ও অবসর কাটানোর পছন্দে পার্থক্য কখনো কখনো উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে প্রতিটি মতবিরোধের সমাধান বিচ্ছেদ নয়।

তিনি আরও বলেন, দাম্পত্য জীবনে বড় ধরনের কোনো সমস্যা না থাকলে ছোটখাটো মতপার্থক্যকে আইনি কিংবা পারিবারিক বিরোধে রূপ দেওয়া উচিত নয়। আলোচনার মাধ্যমে এসব বিষয়ে সমঝোতার সুযোগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *